ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন নিয়ে এলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। দলটির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি’র প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাশেদ খাঁনের এই সিদ্ধান্তকে দলত্যাগ হিসেবে নয়, বরং নির্বাচনে জয়লাভের একটি সুনির্দিষ্ট ‘কৌশল’ হিসেবে অভিহিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নুর জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে লড়লেও নুর নিজে পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন নির্বাচনে নুরুল হক নুর ও রাশেদ খাঁনের জন্য দুটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাশেদ খাঁনের পদত্যাগের পর দলের সাধারণ সম্পাদক কে হবেন, তা পরবর্তী নির্বাহী ও উচ্চতর পরিষদের বৈঠকে নির্ধারণ করা হবে। মূলত জোটগত রাজনীতি এবং আসনভিত্তিক জয়ের সম্ভাবনা বাড়াতেই এই সমন্বিত কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।