ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বাগানবাড়ি এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার এন্টারপ্রাইজের ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ডাম্পিং শেষ করতে সময় লাগে প্রায় সাত ঘণ্টা। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় এবং পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের বেগ পেতে হয়।

গোডাউন ব্যবস্থাপক বাবু মিয়ার দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার মালামাল ও সম্পদ ভস্মীভূত হয়েছে। তিনি আরও জানান, যে স্থান থেকে আগুনের সূত্রপাত সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। ফলে এটি কোনো পরিকল্পিত নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মালিকপক্ষ।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো কাজ শুরু করে। তবে তদন্ত শেষ না করে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।