ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাড়কাঁপানো শীত উপেক্ষা করে শাহবাগে হাদি হত্যার বিচার দাবি

রাজধানীতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলেও শাহবাগ মোড়ে কমেনি প্রতিবাদের উত্তাপ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যেও নারী, শিশু ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে লোকসমাগম বাড়তে থাকে। আন্দোলনকারীরা গোল হয়ে বসে স্লোগান, কবিতা ও গানে হাদির হত্যার বিচার দাবি করেন। রাত আড়াইটার দিকে দেখা যায়, অনেকে কম্বল জড়িয়েই রাজপথে বসে আছেন। কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আব্দুল্লাহ ও এস এম সাইফ মোস্তাফিজ। এক পর্যায়ে সন্তানদের নিয়ে এক মাকেও আন্দোলনে সংহতি জানাতে দেখা যায়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের স্পষ্ট করে বলেন, কোনো মৌখিক আশ্বাসে আন্দোলন থামবে না; দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু হলেই কেবল কর্মসূচি প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। মঙ্গলবার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে এই হত্যার বিচার সম্পন্ন করার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।