রাজধানী ঢাকাসহ সারাদেশে হাড়কাঁপানো শীত জেঁকে বসায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তীব্র ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে প্রয়োজনীয় গরম কাপড় কিনতে রাজধানীর বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা ও গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, জ্যাকেট, সোয়েটার, হুডি ও ব্লেজার বিক্রির ধুম পড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, কয়েকদিন আগের তুলনায় বর্তমানে বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে। বিশেষ করে ২৫০ থেকে ৭০০ টাকা দামের শীতবস্ত্রের চাহিদা সবচেয়ে বেশি।
নিউমার্কেটের বিক্রেতা আশরাফুল ইসলাম জানান, হঠাৎ শীত বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। আজিমপুর থেকে আসা ডলি চন্দ্র দাস জানান, বাচ্চাদের জন্য নতুন জ্যাকেট ও কানটুপি কিনতে এসেছেন তিনি, কারণ গত সপ্তাহের তুলনায় ঠান্ডার তীব্রতা অনেক বেশি।
মার্কেটগুলোর পাশাপাশি ফার্মগেট, গুলিস্তান ও মিরপুরের ফুটপাতগুলোতেও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ফুটপাতে বড়দের শীতবস্ত্র ৩০০ থেকে ১ হাজার এবং শিশুদের পোশাক ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী দাম এবং বাহারি ডিজাইনের কারণে অনেকেই এখান থেকে পছন্দের পোশাক কিনছেন। হকাররা জানান, বিদেশি পুরোনো কাপড়ের বাণ্ডিল থেকেও ভালো লাভ হচ্ছে এবং ক্রেতারাও কম দামে ভালো মানের কাপড় পেয়ে খুশি।
শীতের তীব্রতা যত বাড়বে, গরম কাপড়ের চাহিদা ও বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে আছে রাজধানীর বাণিজ্যিক এলাকাগুলো।