ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে বাহিনীর বার্ষিক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বীকার করেন যে, সীমান্ত দিয়ে ‘দুই-চারটা’ অস্ত্র ঢোকার চেষ্টা করা হচ্ছে, তবে বিজিবি সদস্যরা সেগুলো নিয়মিত উদ্ধার করছে। তিনি বলেন, “প্রতিদিনই বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ধরা হচ্ছে। কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না।” নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভোটগ্রহণের সময় বিজিবির ৩৫ হাজার সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন।
নির্বাচন নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শক্তিরা বাধা দেওয়ার চেষ্টা করলেও জনগণের সহযোগিতায় একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। ডিবি’র দেওয়া তথ্যানুযায়ী শরীফ ওসমান হাদি হত্যার আসামিদের ভারতে পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ডিবি এ বিষয়ে নতুন স্টেটমেন্ট দিয়েছে, যা থেকে প্রকৃত চিত্র পরিষ্কার হবে।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বিজিবি বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক সুসংগঠিত। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে বিজিবিএম এবং ২৪ জনকে পিবিজিএমসহ মোট ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।