ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের পরিবারের প্রিয় সদস্য ‘জেবু’: বিড়ালটিকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তাঁর পোষা বিড়াল ‘জেবু’কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন। জেবুকে নিয়ে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল দেখে তিনি যেমন অবাক হয়েছেন, তেমনি আনন্দও প্রকাশ করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে জাইমা রহমান বলেন, জেবুকে যখন প্রথম ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় আনা হয়েছিল, তখন কেউ ভাবেননি সে পরিবারের এত অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। এমনকি তাঁর বাবা-মা বাসায় ফিরে সবার আগে জেবুর খোঁজ নিতেন এবং তারপর জাইমার খোঁজ করতেন।

তারেক রহমানের সঙ্গে জেবুর সখ্য নিয়ে জাইমা জানান, সন্ধ্যায় অনলাইন মিটিংগুলো শেষ না হওয়া পর্যন্ত জেবু তাঁর বাবার কোলে গুটিশুটি মেরে বসে থাকত। আবার তাঁর মা ডা. জোবাইদা রহমান যখন বাগানে কাজ করতেন বা হাঁটতে যেতেন, জেবু তখন চারপাশ দিয়ে লাফিয়ে বেড়াত।

বর্তমানে জেবু লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। এই পরিবর্তনটি একটি ছোট প্রাণীর জন্য কতটা কষ্টের হতে পারে, তা উল্লেখ করে জাইমা বলেন, জেবুর মাধ্যমে পরিবারের অনেকেই ধৈর্য এবং প্রাণীর প্রতি মমত্ববোধ শিখেছেন। তিনি বিশ্বাস করেন, ভালোবাসা কোনো প্রজাতির সীমা মানে না।

জেবু সম্পর্কে কিছু মজার তথ্য দিয়ে জাইমা বলেন, বিড়ালটি কখনো ‘মিউ মিউ’ করে ডাকে না। বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম সুরে ডাক দেয়। আবার অপছন্দের বিড়াল দেখলে বেশ জোরে চিৎকারও করে। জাইমার মতে, পোষা প্রাণীর দায়িত্ব নেওয়ার মাধ্যমে মানুষ নিজের সম্পর্কেও অনেক অজানা বিষয় শিখতে পারে।