ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শৈত্যপ্রবাহ ‘কনকন’ ধেয়ে আসছে: ৭ জানুয়ারি পর্যন্ত হাড়কাঁপানো শীতের পূর্বাভাস

সারাদেশে শীতের তীব্রতা বাড়ার মধ্যেই নতুন এক শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ‘কনকন’ নামের এই শৈত্যপ্রবাহটি দেশের বিভিন্ন অঞ্চলে হাড়কাঁপানো ঠান্ডা পরিস্থিতি তৈরি করতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই শৈত্যপ্রবাহটি ২৮ বা ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে এই শৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হবে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। উপকূলীয় অঞ্চল এবং ঢাকা শহরে শৈত্যপ্রবাহের প্রভাব সরাসরি খুব বেশি না থাকলেও হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি তীব্র থাকবে।

আবহাওয়াবিদদের মতে, এই সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশার সাথে উত্তরীয় শীতল বাতাসের দাপট বাড়বে। ফলে সাধারণ জনজীবন বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। আগামী কয়েক দিন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার এবং পর্যাপ্ত গরম কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।