ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-১ আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ তাদের দীর্ঘদিনের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।” ঠাকুরগাঁও-১ আসনে তাঁকে মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, “জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, তবে আমাদের মূল লক্ষ্য হবে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন। ঠাকুরগাঁওয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে।” তিনি আরও জানান, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান দেওয়া হবে তাঁর অগ্রাধিকার তালিকায়।
এ সময় তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অতীতে যেভাবে তাঁরা ধানের শীষের পাশে ছিলেন, আগামী নির্বাচনেও যেন একইভাবে সমর্থন দিয়ে তাঁকে জয়যুক্ত করে উন্নয়নের সুযোগ দেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।