ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

​দীর্ঘ ১৮ বছর পর দলীয় কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৮ বছর (দেড় যুগ) পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিট থেকে ৪টার মধ্যে তিনি কার্যালয়ে পৌঁছান। তাঁর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, তারেক রহমান কার্যালয়ে পৌঁছানোর অনেক আগে থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। নিরাপত্তার অংশ হিসেবে দুপুরের পর থেকেই কার্যালয়ের মূল ফটক সীমিত করা হয় এবং র‍্যাবের একটি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় এসে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় নয়াপল্টন এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সিনিয়র নেতারা। এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। গতকাল তিনি গুলশান কার্যালয়ে বসলেও আজই প্রথম নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য নয়াপল্টন কার্যালয়ের দ্বিতীয় তলায় চেয়ারপারসনের কক্ষের পাশেই একটি নতুন চেম্বার তৈরি করা হয়েছে। দেড় যুগ পর তাঁর এই পদচারণাকে দলের সাংগঠনিক কার্যক্রমের জন্য বড় মাইলফলক হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।