ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতভেদ, নির্বাচন থেকে সরলেন সামান্তা শারমিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে দলের নির্বাচনী জোট ও আসন সমঝোতার বিষয়ে দ্বিমত পোষণ করে তিনি এই ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে সামান্তা শারমিন তার এই অবস্থানের কথা স্পষ্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেন না। এই অবস্থায় এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া কিংবা জামায়াতের কাছ থেকে কোনো সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা তার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

সামান্তা শারমিন তার পোস্টে বলেন, এনসিপির ১০ মাসের পথচলায় ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষের মধ্যে ‘ইনার পার্টি স্ট্রাগল’ বা অভ্যন্তরীণ সংগ্রাম একটি অবশ্যম্ভাবী বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নির্বাচনী কৌশলের প্রশ্নে দলের ভেতরে মতভিন্নতা স্পষ্ট হয়েছে।

পার্টি থেকে এই মুহূর্তে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “আমি আমার অবস্থানের রাজনৈতিক ফলাফলের জন্য অপেক্ষা করব। সময়ই এর চূড়ান্ত মূল্যায়ন করবে।” তার মতে, আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির মৌলিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়, কারণ দল এটিকে একটি কৌশলগত জোট হিসেবে দেখছে। তবে ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকেই তিনি ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।