রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগ নেতা হারুনর রশীদ মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর মালঞ্চ গলি এলাকার একটি কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, বর্তমান সরকার বিরোধী এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মুন্না গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। যাত্রাবাড়ী থানার অপারেশন অফিসার খালেদ হাসান জানান, গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডে প্ররোচনা ও সরাসরি জড়িত থাকার অভিযোগে মুন্নার বিরুদ্ধে যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে স্বৈরাচারী শাসনের পক্ষে অবস্থান নেওয়া এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।