ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা ও দাফনের যাবতীয় আনুষ্ঠানিকতায় রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করা হবে।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগঘন কণ্ঠে বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতি যখন এক ক্রান্তিকাল পার করছে এবং তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময়েই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।