ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানাসহ ব্রাহ্মণবাড়িয়ার ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ব্রাহ্মণবাড়িয়ার চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৩১ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন—জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নেতা আব্দুল খালেক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরুণ দে এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে সংশ্লিষ্টদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। দলের নীতি ও সিদ্ধান্তের বাইরে গিয়ে বিতর্কিত সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় কেন্দ্রীয় হাইকমান্ড এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে প্রভাবশালী এই চার নেতার বিরুদ্ধে এমন পদক্ষেপ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে দলীয় শৃঙ্খলা রক্ষায় হাইকমান্ডের এই সিদ্ধান্তকে অনিবার্য বলে মনে করছেন সিনিয়র নেতারা।