ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী জোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। ৩০০ আসনে জোটের শরিক দলগুলো থেকে ৬০০-এর বেশি মনোনয়নপত্র জমা পড়ায় দরকষাকষির সমীকরণ জটিল হয়ে উঠেছে। সমঝোতা চূড়ান্ত না হওয়ায় শরিকদের মধ্যে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অবিশ্বাসের দোলাচল স্পষ্ট হচ্ছে।
গত রোববার (২৮ ডিসেম্বর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ১০ দলীয় জোটের ঘোষণা দিলেও পরবর্তীতে এলডিপি, এনসিপি ও এবি পার্টি যুক্ত হয়ে এটি ১১ দলীয় জোটে রূপ নেয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জোটের প্রধান দল জামায়াতে ইসলামী ২৭৬টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪, খেলাফত মজলিস ৬৮, এবি পার্টি ৫৩, এনসিপি ৪৪ এবং এলডিপি ২৪টি আসনে প্রার্থী দিয়েছে।
জোটের অভ্যন্তরীণ সূত্র জানায়, জামায়াত শরিকদের জন্য ১১০টি আসন ছাড়ার প্রাথমিক প্রস্তাব দিলেও তা নিয়ে অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তত ৭০টি আসন দাবি করলেও জামায়াত তাদের ৩০-৪০টি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। দলটির নেতারা ‘ইনসাফভিত্তিক’ বণ্টনের দাবি তুলেছেন। অন্যদিকে এনসিপি-র শীর্ষ ৮ নেতার আসন প্রায় নিশ্চিত হলেও বাকি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবি পার্টিও মাত্র ৩টি আসনের প্রাথমিক প্রস্তাবে অসন্তুষ্ট।
জোটের শীর্ষ নেতারা অবশ্য এই সংকটকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করেছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারির আগেই আলোচনার মাধ্যমে সব সমাধান করা হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেষ মুহূর্তে সমঝোতা না হলে কোনো কোনো আসন উন্মুক্ত রাখা হতে পারে অথবা জোট থেকে কোনো কোনো দল বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।