নতুন বছরে ঠাসা আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালে ঘরের মাঠে মোট পাঁচটি শক্তিশালী দেশের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। শুক্রবার (২ জানুয়ারি) বিসিবি প্রকাশিত এই সূচিতে ১২টি ওয়ানডে, ৯টি টি-টোয়েন্টি এবং ৪টি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।
বছরজুড়ে এই ব্যস্ত সূচির শুরু হবে পাকিস্তান সিরিজ দিয়ে। মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাবর আজম ও শাহীন আফ্রিদিরা বাংলাদেশে পা রাখবেন। সিরিজের ম্যাচগুলো ১২, ১৪ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। এরপর মে মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দু’টি টেস্ট খেলতে দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে পাকিস্তান দল। ৮-১২ ও ১৬-২০ মে এই টেস্ট দু’টি অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সিরিজের মাঝে এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ১৭ এপ্রিল ওয়ানডে দিয়ে শুরু হয়ে নিউজিল্যান্ডের সফর শেষ হবে ২ মে শেষ টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে। জুনে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
বছরের অন্যতম আকর্ষণ হিসেবে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। স্থগিত হওয়া ভারত সিরিজটি পুনরায় সূচিভুক্ত করা হয়েছে ১, ৩ ও ৬ সেপ্টেম্বরের ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বরের টি-টোয়েন্টি ম্যাচগুলো নিয়ে। বছর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। অক্টোবরের ২৮ তারিখ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দু’টি টেস্ট খেলবে ক্যারিবিয়ানরা। এছাড়া মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের পৃথক সিরিজও চূড়ান্ত করেছে বিসিবি।