বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলীয় প্রধানের পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে তারেক রহমানই দলের চেয়ারম্যান। গতকাল ৩০ ডিসেম্বর বেগম জিয়ার প্রয়াণের পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও, দলীয় গঠনতন্ত্রের ৭(গ)(৩) উপধারা অনুযায়ী তিনি এখন পূর্ণাঙ্গ চেয়ারম্যান পদের অধিকারী।
বিএনপির গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, “যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।” এই ধারা মোতাবেক কোনো ঘোষণা ছাড়াই তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে কেবল বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার শুরু হতে যাচ্ছে। ইসি সচিবালয় জানিয়েছে, আইন অনুযায়ী প্রচার শুরুর সময় যিনি দলীয় প্রধান থাকবেন, প্রার্থীরা কেবল তার ছবিই পোস্টার ও লিফলেটে ব্যবহার করতে পারবেন।
দলীয় সূত্র জানায়, বেগম জিয়ার মৃত্যুতে বর্তমানে বিএনপি সাত দিনের শোক পালন করছে। শোকের আবহে তারেক রহমান এখনই নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করতে আগ্রহী নন। তবে আইনি ও রাজনৈতিক প্রয়োজনে ২১ জানুয়ারির প্রতীক বরাদ্দের আগেই দলীয় নথিতে তাকে ‘চেয়ারম্যান’ হিসেবে উল্লেখ করা হতে পারে। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর গত ২৫ ডিসেম্বর তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন।