আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে পরীক্ষা করে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি। ফলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে শরীয়তপুর-৩ আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন জনপ্রিয় নেতা হিসেবে মিয়া নুর উদ্দিন আহমেদ অপু নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।