বগুড়ার আদমদীঘিতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের পূর্ব ঢাকা রোডের বড় আখিড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। এই ঘটনায় মিজু আহমেদ (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শিবগঞ্জ থেকে অটোরিকশাযোগে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচুর বীজ কিনতে যাচ্ছিলেন ওই তিনজন। পথে বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত দ্রুতগতির বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রফিকুল ও রাসেলের মৃত্যু হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে যান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।