নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে শ্বশুরকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে করা মামলায় আবু তাহের (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এন্তাজুল ইসলাম (৬০) ওই গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার সকালে নিহতের ছেলে মোখছেদুল বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় আবু তাহেরসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন— আবু তাহেরের প্রথম স্ত্রী মিষ্টি বেগম এবং দুই ভাগিনা আব্দুল নূর ও হাফিজুল ইসলাম। মামলার প্রধান আসামি আবু তাহের একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আবু তাহেরের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সম্প্রতি বাবার বাড়িতে চলে আসেন। শুক্রবার জুম্মার নামাজের সময় আবু তাহের তার প্রথম স্ত্রী ও আত্মীয়দের নিয়ে প্রাইভেটকারে ওই বাড়িতে যান এবং সাথীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় এন্তাজুল ইসলাম ও তার ছোট মেয়ে বাধা দিলে আবু তাহের গাড়ি চালিয়ে এন্তাজুলকে পিষ্ট করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় জনতা গাড়িটি জব্দ করে আবু তাহেরকে পুলিশে সোপর্দ করে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে ৩০২ ধারায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।