ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ভিডিপির ৫০ বছর পূর্তি, বর্ণাঢ্য আয়োজনে দিবস উদযাপন

দেশের তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভিডিপি দিবস–২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম। উদ্বোধনের পর জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম বলেন, “গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় স্থাপনার সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখ, যার মধ্যে প্রায় ৬০ লাখ সদস্য নিয়ে ভিডিপি সর্ববৃহৎ শাখা হিসেবে কাজ করছে। ১৯৭৬ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পাঁচ দশকে ভিডিপি বাহিনী দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ভেদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ ফররুখ আহমদ, জাজিরা উপজেলা প্রশিক্ষক মিঠুন কুমার বিশ্বাস, ভেদরগঞ্জ উপজেলা প্রশিক্ষক নিলু রানী দাস, নড়িয়া উপজেলা প্রশিক্ষক মরিয়ম আক্তারসহ জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৫০ জন ভাতাভোগী ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও সাধারণ ভিডিপি সদস্য।
উল্লেখ্য, আনসার বাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালের ৫ জানুয়ারি। দীর্ঘ এই পথচলায় ভিডিপি সদস্যরা দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা জোরদারে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।