রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়া ক্যানি (৩৫) হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। মামলার প্রধান আসামি মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানিয়েছেন, নাঈমকে এক স্থানে নয়, বরং দুই দফায় পরিকল্পিতভাবে মারধর করা হয়েছিল।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৪ জানুয়ারি বারিধারা এলাকা থেকে র্যাব-১ তাকে গ্রেপ্তার করেছিল।
পুলিশের তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাতে আই ব্লকের ১৫ নম্বর রোড থেকে নাঈমের প্রাইভেটকারটি ধাওয়া করে দুই-তিনটি মোটরসাইকেল। ৭ নম্বর রোডের মুখে গাড়িটি থামিয়ে তাকে প্রথম দফায় পেটানো হয়। এরপর মোটরসাইকেলে করে তাকে আবারও ১৫ নম্বর রোডের পাশে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারধর করে একদল যুবক। রাত সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ওসি ইমাউল হক জানান, একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও পরে আরও সাত-আটজন এই হামলায় যোগ দেয়। তবে নিহতের স্বজনদের দাবি এটি একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। নিহতের খালাতো ভাই রাকিবুল ইসলাম শামীমের অভিযোগ, ঘটনার আগে পাবনায় নাঈমের বাড়িতে গিয়ে কিছু যুবক তাকে প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল।
পারিবারিক শত্রুর জেরে সুপরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে। এ ঘটনায় ২ জানুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা গোলাম কিবরিয়া।