জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে ঘোষিত প্রথম চার কেন্দ্রের তথ্য অনুযায়ী, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন এবং ফার্মেসি—এই চারটি বিভাগের ভোট গণনা সম্পন্ন হয়েছে। কমিশন সদস্য ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্যের রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট। নৃবিজ্ঞান বিভাগেও রিয়াজুল ১২৮ ভোট পেয়ে লিড নিয়েছেন। তবে লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে কিছুটা এগিয়ে থাকলেও সামগ্রিক গণনায় রিয়াজুল ইসলাম সুবিধাজনক অবস্থানে আছেন।
জিএস পদে অদম্য জবিয়ান ঐক্যের আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা চারটি বিভাগেই প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন। জিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কোবরা এবং এজিএস পদে আতিকুর রহমান তানজীল উল্লেখযোগ্য ভোট পেলেও ব্যবধান কমাতে পারেননি।
মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে বাকি ৩৫টি কেন্দ্রের ভোট গণনা বর্তমানে কেন্দ্রীয়ভাবে চলমান রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে শিক্ষক ও কর্মকর্তাদের নজরদারি জোরদার করা হয়েছে।