ভারতের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপকের অমানবিক আচরণ ও মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। নিজের গুরুতর অসুস্থ মায়ের দেখাশোনার জন্য ছুটি চাওয়ায় এক নারী কর্মীকে দেওয়া বসের বিতর্কিত পরামর্শ— “মাকে শেল্টার হোমে রেখে অফিসে আসুন”— করপোরেট বিশ্বের কর্মপরিবেশ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে (Reddit) এক ভুক্তভোগী কর্মীর পোস্টের বরাতে এই ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই কর্মী জানান, ভুল ওষুধের প্রতিক্রিয়ায় তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি কয়েক দিনের জরুরি ছুটি চেয়েছিলেন। কিন্তু তার অনুরোধ ফিরিয়ে দিয়ে ব্যাংকের ওই ব্যবস্থাপক বলেন, “মা সুস্থ না হলে তাকে কোনো মেডিকেল সেন্টার বা শেল্টার হোমে রেখে আপনি অফিসে চলে আসুন।”
ম্যানেজারের এই রূঢ় মন্তব্য ও ছুটির অস্বীকৃতির মুখে ওই নারী কর্মী তার কয়েক বছরের ক্যারিয়ারের মায়া ছেড়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি জানান, বসের নির্দেশ অমান্য করে তিনি অসুস্থ মায়ের পাশে থাকাকেই অগ্রাধিকার দিয়েছেন। পরবর্তীতে করপোরেট এই অসংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ইন্টারনেটে জনমত যাচাই করেন।
পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং বিপুল সংখ্যক মানুষ করপোরেট কালচারের এমন নিষ্ঠুরতার প্রতিবাদ জানান। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, এটি কেবল অমানবিকই নয়, বরং কর্মীদের মৌলিক অধিকারের লঙ্ঘন। এনডিটিভিসহ ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে এই খবরটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।