আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘ফুটবল’ প্রতীক বরাদ্দের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল মঞ্জুর হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসনিম জারা বলেন, “নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা এখন বৈধ। আমি প্রতীকের জন্য আবেদন করব এবং আমার ব্যক্তিগত পছন্দ ‘ফুটবল’ প্রতীক।”
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ১০ জনের মধ্যে ২ জনের তথ্যে গরমিল থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করে আজ জয়ী হলেন তিনি।
উল্লেখ্য, তাসনিম জারা একজন চিকিৎসক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের জন্য পরিচিত। এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতীক বরাদ্দের মাধ্যমেই শুরু হবে তার আনুষ্ঠানিক প্রচারযুদ্ধ।