ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী আইইডি বোমা নিষ্ক্রিয়: নাশকতার ছক নিয়ে তদন্তে এটিইউ

ফরিদপুর শহরের জনবহুল এলাকা থেকে উদ্ধার হওয়া রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শহরের গোয়ালচামট এলাকায় কুমার নদের পাড়ে ঢাকা থেকে আসা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষজ্ঞ দল এই অভিযান পরিচালনা করে।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ব্যস্ততম আলীপুর সেতুর (আলীমুজ্জামান ব্রিজ) দক্ষিণ-পূর্ব প্রান্তে একটি পরিত্যক্ত স্কুল ব্যাগের ভেতর থেকে বোমাটি উদ্ধার করে যৌথবাহিনী। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে বালুর বস্তা দিয়ে বোমাটি সুরক্ষিত করা হয়। পরে এটিইউ-এর ১০ সদস্যের একটি বোম ডিসপোজাল টিম বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে এটি নিষ্ক্রিয় করে।

অভিযান শেষে এটিইউ-এর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ সাংবাদিকদের জানান, বোমাটি সাধারণ ককটেল বা দেশীয় বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রাণঘাতী ছিল। এটি রিমোট কন্ট্রোল দিয়ে দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য ছিল। বিস্ফোরণের সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে এবং স্প্লিন্টারগুলো প্রায় ৫০ ফুট উচ্চতায় ছড়িয়ে পড়ে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই শক্তিশালী আইইডি জনবহুল সেতুতে রেখেছিল, তা শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।