ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০৮ সালেই বাতিল হতে পারত শেখ হাসিনার প্রার্থিতা: দুদক চেয়ারম্যান

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া হলফনামা যথাযথভাবে যাচাই করা হলে তখনই তার প্রার্থিতা বাতিল হওয়ার সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রবিবার (১১ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ (র‍্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, তৎকালীন সময়ে শেখ হাসিনা হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছিলেন, তদন্তে প্রাপ্ত প্রকৃত সম্পদের সঙ্গে তার বিশাল ব্যবধান ছিল। তিনি অভিযোগ করেন, সেই সময় দুদক ও নির্বাচন কমিশন (ইসি) যদি নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করত, তবে আইনিভাবেই তার নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যেত।

নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের হলফনামা যাচাইয়ের সীমাবদ্ধতা তুলে ধরে ড. মোমেন বলেন, বাছাই পর্বের স্বল্প সময়ে শত শত প্রার্থীর হলফনামা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা কমিশনের পক্ষে কঠিন হয়ে পড়ে। এই ফাঁক গলে যেন অবৈধ সম্পদের মালিকরা রাষ্ট্রের নীতি-নির্ধারক হতে না পারেন, সেজন্য তিনি অনুসন্ধানী সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আমরা চাই না হলফনামায় তথ্য গোপনকারী বা কালো টাকার মালিকরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করুক। সাংবাদিকদের অনুসন্ধান আমাদের কাজকে ত্বরান্বিত করবে।” আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদের উৎস নিয়ে জনমনে সন্দেহ থাকলে তা অবিলম্বে দুদকের নজরে আনার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন।

র‍্যাক সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।