ইরানে চলমান নজিরবিহীন গণবিক্ষোভের মুখে ইন্টারনেট ব্ল্যাকআউট ঠেকাতে ইলন মাস্কের পাঠানো ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা অচল করে দিয়েছে তেহরান। সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করে ইরান এই নজিরবিহীন সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছে মার্কিন ম্যাগাজিন ফোর্বস। এর মাধ্যমে ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ ব্যাহত করার সক্ষমতা দেখালো।
প্রতিবেদনে জানানো হয়, স্টারলিংক রিসিভারগুলো স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপনের জন্য জিপিএস (GPS) ব্যবহার করে। ইরান গত কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে জিপিএস সিগন্যাল জ্যাম করে আসছিল। ফলে স্টারলিংক টার্মিনালগুলো স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করতে ব্যর্থ হচ্ছে। শুরুতে ট্র্যাফিকের ৩০ শতাংশ ব্যাহত হলেও বর্তমানে প্রায় ৮০ শতাংশের বেশি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রযুক্তিবিদ সাইমন মিগ্লিয়ানো জানান, এই ডিজিটাল সেন্সরশিপ বা ইন্টারনেট কিল-সুইচ ব্যবহারের ফলে ইরানের অর্থনীতিতে প্রতি ঘণ্টায় ১৫ লাখ ৬০ হাজার ডলারের সমপরিমাণ ক্ষতি হচ্ছে। তা সত্ত্বেও বিক্ষোভ দমনে তেহরান এই কঠোর পদ্ধতি বেছে নিয়েছে। প্রযুক্তি গবেষক আমির রাশিদি জানিয়েছেন, গত ২০ বছরের ইন্টারনেট পর্যবেক্ষণ জীবনে তিনি এমন শক্তিশালী ও কার্যকর জ্যামিং পদ্ধতি আগে কখনো দেখেননি।