দীর্ঘ কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিললেও স্বস্তি স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও দু’দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি পাঁচ দিনের বর্ধিত সময়ের শেষের দিকে তাপমাত্রা ফের কমে শীতের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার সকাল পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৫-১৭ জানুয়ারির মধ্যে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেয়ে শীতের তীব্রতা পুনরায় বাড়তে পারে। এই সময়ে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।