ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩: আহত ১০

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বোয়ালমারীর জনতা জুট মিলের শ্রমিক ও ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি সোতাশী রেলগেট অতিক্রম করার সময় পিকআপটি লাইনের ওপর উঠে পড়ে। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।