ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে প্রথম বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি: সামরিক হামলার হুমকি ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে তেহরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ফাঁসি দেওয়া হতে পারে। তার বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’র (মোহারেবে) অভিযোগ আনা হয়েছে।

ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, এরফান সোলতানিকে গত সপ্তাহে কারাজ শহর থেকে গ্রেপ্তার করা হয় এবং কোনো আইনি সহায়তা ছাড়াই দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা ও মৃত্যুদণ্ড অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইরান স্বাধীনতার জন্য লড়াই করছে এবং যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত।”

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সামরিক হামলার বিকল্পটি ট্রাম্প প্রশাসনের টেবিলে রয়েছে, যদিও তারা কূটনীতিকে অগ্রাধিকার দিতে চায়। অন্যদিকে, ইরান এই হুমকির পাল্টা জবাব দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যেকোনো মার্কিন হামলার জবাব দিতে তেহরান পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়ায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক।