ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে স্ক্র্যাপ ইয়ার্ডে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের টানা ১০ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারের কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি ইউনিটসহ মোট ৬টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, আগুন স্ক্র্যাপ ইয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া না গেলেও পথশিশুদের মাধ্যমে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।