গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের জয় সুনিশ্চিত। রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে এক ওরস মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, “বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।”
বিএনপি সমর্থিত এই প্রার্থী পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মাহফিলে দেওয়া বক্তব্যে নুর সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দশমিনা ও গলাচিপাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে যেখানে সব রাজনৈতিক দলের সহাবস্থান থাকবে।
চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে নুর বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ব্যবসা পরিচালনা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। যদি গণঅধিকার পরিষদের কোনো কর্মী চাঁদাবাজিতে লিপ্ত হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও যোগ করেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে তাদের আচার-অনুষ্ঠান ও ব্যবসা পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করা তার রাজনৈতিক অঙ্গীকার।