ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার জোরালো আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থানে থেকে যেকোনো আগ্রাসন ঠেকাতে পাল্টা প্রস্তুতির ঘোষণা দিয়েছে।
তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের হঠকারী হামলা চালালে তারা ‘পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে’। বুধবার (১৪ জানুয়ারি) রয়টার্স ও আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই উদ্বেগজনক পরিস্থিতির তথ্য নিশ্চিত করেছে।
বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জেরে নিহতের সংখ্যা ২ হাজার ৫৭ জন ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে এরফান সোলতানি নামে এক তরুণ বিক্ষোভকারীকে গ্রেপ্তারের মাত্র দুই দিনের মাথায় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ট্রাম্প জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর অব্যাহত থাকলে তিনি ‘খুবই শক্তিশালী পদক্ষেপ’ নেবেন।
পেন্টাগন ইতিমধ্যে ট্রাম্পের কাছে ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সাইবার লক্ষ্যবস্তুসহ বিভিন্ন বিকল্প হামলার পরিকল্পনা জমা দিয়েছে। এদিকে লোহিত সাগরে ইউএসএস রুজভেল্টসহ যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধজাহাজ অবস্থান করছে। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।
রাশিয়া ও চীন সরাসরি এই বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে একে ওয়াশিংটনের ‘বড় ভুল’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, সরাসরি স্থলযুদ্ধের বদলে ২০২০ সালের স্টাইলে ড্রোন বা বিমান হামলার মাধ্যমে শীর্ষ লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র।