ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজারে ১০ দলের রুদ্ধদ্বার বৈঠক: জোট থেকে ছিটকে গেল চরমোনাইয়ের দল?

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিল জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর নির্বাচনি সমঝোতা। ১১ দলের সমন্বয়ে জোট গঠনের প্রক্রিয়া চললেও শেষ মুহূর্তে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে দাঁড়ানোয় এখন তা ১০ দলীয় রূপ নিচ্ছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা ও চূড়ান্ত রূপরেখা নির্ধারণে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

সূত্র জানায়, বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা। এছাড়া এবি পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা, এলডিপি, নেজামে ইসলাম পার্টি ও বিডিপির প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিচ্ছেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে—আসন্ন নির্বাচনে আসন বণ্টন এবং অভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা। তবে জোটের একটি শক্তিশালী অংশ হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। চরমোনাই পীরের দল শেষ পর্যন্ত এককভাবে নির্বাচনের পথে হাঁটছে কি না, তা নিয়ে গুঞ্জন তৈরি হলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সমঝোতা নিয়ে এখনও আলোচনা চলছে।

মগবাজারের এই বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন ডাকার প্রস্তুতি চলছে। সেখান থেকেই ১০ দলীয় এই নির্বাচনি জোটের আনুষ্ঠানিক ঘোষণা এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।