ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের বাজারে নতুন ইতিহাস: ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা

দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ চূড়ায়। শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার অজুহাতে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

চলতি বছরের প্রথম ১৬ দিনেই কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হলো। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মূল্যে ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।

স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে রুপার বাজার। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকাই রাখা হয়েছে। জুয়েলার্স মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় পর্যায়ে বিশুদ্ধ স্বর্ণের সংকটের কারণে দাম এভাবে লাগামহীনভাবে বাড়ছে। সাধারণ ক্রেতারা বলছেন, স্বর্ণের দাম এখন নাগালের বাইরে চলে যাওয়ায় গয়নার বাজারে মন্দা নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে।