ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের চাপে নতিস্বীকার তেহরানের: ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের মিত্রদের নজিরবিহীন চাপের মুখে ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে ইরান। বুধবার (১৪ জানুয়ারি) এই গণফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছু হটল তেহরান। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ দিন ধরে চলা তীব্র গণবিক্ষোভে কাঁপছে ইরান। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গত ৪৭ বছরে এমন অস্তিত্ব সংকটে পড়েনি দেশটির শাসনব্যবস্থা। মূলত ভঙ্গুর অর্থনীতি ও মুদ্রার রেকর্ড পতনের জেরে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। বর্তমানে ১ ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫ টাকায় ঠেকেছে। আকাশচুম্বী মুদ্রাস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ৩১টি প্রদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

আন্দোলন দমনে ইরান সরকার ইন্টারনেট বন্ধসহ সেনাবাহিনী মোতায়েন করলেও বিক্ষোভ থামানো যায়নি। সংঘাতে এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপে এই ৮০০ জনের জীবন রক্ষা পাওয়া তেহরানের নমনীয় হওয়ার ইঙ্গিত। তবে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থিতিশীল।