ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান

ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশক ধরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার বোঝা বয়ে বেড়াচ্ছেন। দেড় লক্ষাধিক মামলার মাধ্যমে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। অনেক সন্তান এখনো নিখোঁজ বাবার অপেক্ষায় দরজায় চেয়ে থাকে, মায়েরা পথ চেয়ে বসে থাকেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের শিকার শহীদদের নামে দেশের বিভিন্ন সড়কের নামকরণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের আত্মত্যাগ ভুলে না যায়।

‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ আয়োজনে এই সভায় বিএনপির চেয়ারম্যান লন্ডভন্ড হওয়া পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপসহীন থেকেছে। গুম হওয়া পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র আপনাদের ত্যাগ কখনোই ভুলে যাবে না।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রেখে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি গুম ও হত্যার বিচার নিশ্চিত করার শপথ নেন।