নির্বাচনী রাজনীতির সরগরম পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আলোচিত আলেম মুফতি আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন। জামায়াতের শীর্ষ এই দুই নেতা মুফতি উসামাকে স্বাগত জানান।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মুফতি আলী হাসান উসামা জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছেন। তার এই অন্তর্ভুক্তি নিয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”
মুফতি আলী হাসান উসামা দেশের কওমি মাদ্রাসা কেন্দ্রিক আলেমদের মধ্যে বেশ পরিচিত মুখ। নির্বাচন সামনে রেখে বিভিন্ন ঘরানার আলেমদের জামায়াতে যোগদানের বিষয়টি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, বৃহত্তর ইসলামি ঐক্য বা কওমি ভোটব্যাংক টানার কৌশলের অংশ হিসেবে এই যোগদান গুরুত্ব বহন করছে।