ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকে গেলেন হাসনাত আব্দুল্লাহ, কপাল পুড়ল মঞ্জুরুল মুন্সির

কুমিল্লা-৪ আসনে নির্বাচনী সমীকরণ নাটকীয় মোড় নিয়েছে। এই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকলেও ঋণখেলাপির অভিযোগে চূড়ান্তভাবে বাদ পড়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) মিলনায়তনে আপিল শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে।

এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণখেলাপির সুনির্দিষ্ট অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই আপিলের শুনানি শেষে কমিশন বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এর ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির মূল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মঞ্জুরুল আহসান মুন্সির নামে থাকা ঋণের দায়ভার এবং তা পরিশোধে ব্যর্থতার প্রমাণ পাওয়ায় আইনি বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ওঠা আপত্তিগুলো ধোপে না টেকায় তার প্রার্থিতা বহাল রাখা হয়েছে।