একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফন্দি আঁটছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে কোনো ষড়যন্ত্র করেই পার পাওয়া যাবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ওই দলকে নির্বাচনের মাঠ ছাড়ার কোনো সুযোগ দেবে না বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ এই সভার আয়োজন করে।
নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসি ও একটি রাজনৈতিক দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা শান্তির স্বার্থে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু তারা মনে করছে এটি আমাদের দুর্বলতা। তাদের মনে রাখা উচিত, আমাদের নম্রতা-ভদ্রতা কোনোভাবেই দুর্বলতা নয়।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, ইসিকে অবশ্যই সমতা বিধান করতে হবে। গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা রুখে দেওয়া হবে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে কোনোভাবেই নসাৎ হতে দেওয়া হবে না।
গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের কান্নাভেজা উপস্থিতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য। কোনো অপশক্তি যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।