বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে (১৯ জানুয়ারি) বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উদযাপন উপলক্ষে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঐতিহাসিক এই দিনটিতে দলের শীর্ষ নেতা তারেক রহমান আজ বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ ছাড়া দিনব্যাপী দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল ২০ জানুয়ারি জিয়ার রাজনৈতিক দর্শন ও কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রসায়নবিদ মনসুর রহমানের ঘরে জন্ম নেওয়া জিয়াউর রহমান ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে কমিশন লাভের মাধ্যমে সামরিক জীবন শুরু করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনার পর দেশ গড়ার লক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে সমধিক পরিচিত জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আজও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মূল ভিত্তি। সততা, দেশপ্রেম ও নিরলস পরিশ্রমের জন্য সর্বজনশ্রদ্ধেয় এই নেতার অবদানের কথা স্মরণ করে গতকাল এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের সর্বস্তরের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান।