চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধীদের আস্তানা জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে মোতালেব নামের এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুর্গম ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন।
অভিযান চলাকালে সন্ত্রাসীরা র্যাবের অন্তত ৩ সদস্যকে জিম্মি করেছে বলে জানা গেছে। এছাড়া গুলিবিনিময়ের ঘটনায় আরও বেশ কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন। এলাকাটি এখনো থমথমে এবং জিম্মি সদস্যদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের এই ‘ছিন্নমূল’ এলাকাটি গত চার দশক ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। দুর্গম পাহাড়ি এলাকায় সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ বসতি। এলাকাটি এতটাই বিপজ্জনক যে, এখানে বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ এবং এটি সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয়।
পাহাড়খেকো ও সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই অভিযান শুরু করেছিল র্যাব। তবে সন্ত্রাসীরা পাহাড়ের কৌশলগত অবস্থান থেকে অতর্কিত হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। জিম্মি সদস্যদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স জঙ্গল সলিমপুরের দিকে রওনা হয়েছে।