নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ছবি ব্যবহার করে প্রচারণার দায়ে যদি কাউকে শোকজ করতে হয়, তবে সবার আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে করা উচিত।
সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, ঢাকা-১১ আসনের নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে পক্ষপাতদুষ্টভাবে শোকজ করা হয়েছে। তারা মূলত গণভোটের প্রচারণা চালিয়েছিলেন, কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। কিন্তু ইসি একটি বিশেষ মহলের হয়ে মিডিয়া ট্রায়াল করার জন্য এই পদক্ষেপ নিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে অন্যান্য বড় দলের প্রার্থীরা দলের মার্কা ও নেতার ছবি দিয়ে পোস্টার ও বিলবোর্ড সাজালেও ইসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারেক রহমানের নাম উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকাকালীন তিনি দেশে এসেছেন এবং তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা হয়েছে। যদি ছবি ব্যবহারই অপরাধ হয়, তবে আইন সবার জন্য সমান হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও দাবি করেন, জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের টার্গেট করে ইসির এই তৎপরতা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কমিশনকে নিরপেক্ষতা প্রমাণের স্বার্থে বড় দলগুলোর দৃশ্যমান আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।