জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়েছে সরকার। দেশের আটটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮’ এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের এখতিয়ার দেওয়া হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বরগুনার পাথরঘাটার ইউএনও ইশরাত জাহান (চরফ্যাশন, ভোলা), চুয়াডাঙ্গার জীবননগরের মো. আল-আমীন (নগরকান্দা, ফরিদপুর), পিরোজপুরের ভাণ্ডারিয়ার রেহেনা আক্তার (ধুনট, বগুড়া), হবিগঞ্জের বাহুবলের লিটন চন্দ্র দে (জীবননগর, চুয়াডাঙ্গা), বগুড়ার ধুনটের প্রীতিলতা বর্মন (বাহুবল, হবিগঞ্জ), ফরিদপুরের নগরকান্দার মিলু মেহরাজ শারবীন (কলমাকান্দা, নেত্রকোণা), নেত্রকোণার কলমাকান্দার মাসুদুর রহমান (ভাণ্ডারিয়া, পিরোজপুর) এবং ভোলার চরফ্যাশনের মো. লোকমান হোসেন (পাথরঘাটা, বরগুনা)।
প্রজ্ঞাপনে কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হলে ওইদিন বিকেলেই তাঁরা বর্তমান কর্মস্থল থেকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
নির্বাচন কমিশনের (ইসি) সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের আগে এই বড় রদবদলকে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা ও গতিশীলতা আনার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।