ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। মোট আবেদন জমা পড়েছিল ১০ লাখ ৮০ হাজার ৯৫টি। উত্তীর্ণ প্রার্থীরা এখন শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (dpe.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তীর্ণদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানানো হচ্ছে।

ফলাফল প্রকাশের সাথে প্রার্থীদের জন্য ৬টি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে অধিদপ্তর। শর্ত অনুযায়ী, এই ফলাফল কেবল মৌখিক পরীক্ষার জন্য সাময়িক নির্বাচন হিসেবে গণ্য হবে এবং চূড়ান্ত নিয়োগের কোনো নিশ্চয়তা দেয় না। কোনো পর্যায়ে তথ্যের ভুল বা গোপন করার প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ ফলাফল বাতিলের অধিকার রাখে।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। উত্তীর্ণদের প্রাপ্ত লিখিত নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।