ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর ফ্লাইওভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, চালকের মৃত্যু

রাজধানীর বিমানবন্দর ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডে ধাক্কা দিলে চালক মো. বেলাল দেওয়ান (৬৯) নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বেলাল দেওয়ান নীলফামারীর জলঢাকা থানার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মৃত গজনবি দেওয়ানের ছেলে। তিনি ‘ওরিন এন্টারপ্রাইজ’ নামের একটি বাসের চালক ছিলেন।

বাসচালকের সহকারী মো. জুবায়দুল আকন্দ জানান, বুধবার সন্ধ্যায় মহাখালী টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসটি গাইবান্ধার উদ্দেশে রওনা হয়। রাত দশটার দিকে বিমানবন্দর ফ্লাইওভার দিয়ে উত্তরার দিকে নামার সময় ঢালে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সজোরে ডিভাইডারে ধাক্কা খেলে চালক বেলাল স্টিয়ারিংয়ের সাথে আটকে গিয়ে মারাত্মক আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।