ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দিল্লি-পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: সিলেটে তারেক রহমান

দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।’

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সিলেটে এই জনসভায় তারেক রহমান গত ১৬ বছরের শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিগত দিনে উন্নয়নের নামে লুণ্ঠন করে অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং দেশটিকে অন্য দেশের কাছে ‘বন্ধক’ দেওয়া হয়েছিল। বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গত ১৬ বছরে অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

জনসভায় মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বনির্ভর করা হবে। নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার যে ধারা বিএনপি শুরু করেছিল, তা আরও সুসংহত করা হবে।’

তারেক রহমান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, ‘একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ৫ আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু গণতন্ত্রের পথে পূর্ণাঙ্গ যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে।’

জনসভায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের লক্ষ্য পূরণের আহ্বান জানান।