ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টার নিষিদ্ধ, এআই ব্যবহারে কড়াকড়ি: শুরু হলো ভোটের লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারা দেশের ২৯৮টি নির্বাচনি এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত টানা ২০ দিন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে নির্বাচনি আচরণবিধিতে নজিরবিহীন পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে কোনো ধরনের বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রচার করলে সেটিকে ‘নির্বাচনি অপরাধ’ হিসেবে গণ্য করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

ইসি জানায়, প্রচারণায় পলিথিন বা রেক্সিনের ব্যবহার নিষিদ্ধ। ব্যানার, লিফলেট ও ফেস্টুন হতে হবে সাদা-কালো। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রেও রিটার্নিং কর্মকর্তার কাছে অ্যাকাউন্ট আইডি ও শনাক্তকরণ তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জনসভা বা পথসভা করার অন্তত ২৪ ঘণ্টা আগে স্থানীয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে।

নির্বাচনি মাঠে শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি ও সশস্ত্র বাহিনীসহ প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং মাঠ পর্যায়ে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। তোরণ নির্মাণ, আলোকসজ্জা এবং মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহনের শোডাউন সম্পূর্ণ নিষিদ্ধ।

বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও সংরক্ষণ করছে কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে (বগুড়া-১ ও ২ ব্যতীত) ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।