আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটকে ‘ষড়যন্ত্রমূলক ব্যবস্থা’ আখ্যা দিয়ে তা বানচালের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশে সংসদীয় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে এবং একটি সমান্তরাল ‘বিপ্লবী সরকার’ বছরের পর বছর ক্ষমতা দখল করে রাখবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রংপুর নগরীর পল্লীনিবাসে দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর মাধ্যমেই তিনি নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন।
জিএম কাদের বলেন, “গণভোটের মাধ্যমে সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষকে ‘সব পেয়ে যাবেন’ বলে মিথ্যা প্রলোভন ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে ‘হ্যাঁ’ জয়ী হলে নতুন নির্বাচিত সরকারকে এই বিপ্লবী শক্তির আজ্ঞাবহ হয়ে থাকতে হবে। সংসদ হবে হুকুম মানার আধার এবং ‘জুলাই সনদ’ পাসের নামে তারা ক্ষমতায় টিকে থাকবে।”
অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “সমন্বয়করাই বর্তমান সরকারের নিয়োগদাতা, আবার সরকারই তাদের অভিভাবক। এর সঙ্গে জামায়াতের অঙ্গসংগঠন এনসিপি যুক্ত হয়ে এখন দেশে একটি অদৃশ্য ‘সরকারি দল’ ষড়যন্ত্র শুরু করেছে।” রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে বিচারের নামে প্রহসন ও ‘গণহত্যা’ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আমরা সংস্কারের বিরুদ্ধে নই। জাতীয় পার্টি ও এরশাদ সাহেব দেশের শ্রেষ্ঠ সংস্কারক ছিলেন। কিন্তু সংস্কার হতে হবে মানুষের মতামতের ভিত্তিতে, কোনো বিশেষ গোষ্ঠীর প্রেসক্রিপশনে নয়।” এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।