ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ভোটের প্রচারের শুরুতেই রণক্ষেত্র: বিএনপি-স্বতন্ত্র সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই কুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হোমনা ওভারব্রিজ এলাকায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান তার সমর্থকদের নিয়ে সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে শ্রীমদ্দি গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির কর্মী-সমর্থকরা তাদের বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহরের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহতদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।